যশোর প্রতিনিধি: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের (যমেক) সিনিয়র রেডিওলোজিস্ট ডা. সাজ্জাদ কামাল (৫২) করোনায় মারা গেছেন।
রোববার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন ও যমেক তত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় তার মৃত্যুর বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক জানান, ছুটিতে থাকাকালীন রংপুরে নিজ বাড়িতে সাজ্জাদ কামাল করোনা আক্রান্ত হলে ৫দিন আগে তাকে ঢাকার স্পেশালাইস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতবার (২৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সাজ্জাদ কামাল মারা যান।
ডাক্তার সাজ্জাদ কামালের মৃত্যুতে যশোরের ডাক্তারদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



