যশোর প্রতিনিধি: করোনার প্রাদুর্ভাব রোধে সকল প্রকার গণপরিবহন বন্ধ হওয়ায় আজ যশোরের বাস টার্মিনাল ও রেলস্টেশন ছিল জনশূন্য। সেইসাথে সড়কে মানুষের চলচাল একেবারে নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট। মানুষকে ঘরে রাখতে অব্যাহত রয়েছে সেনাটহল। সেইসাথে সংকট মোকাবেলার প্রস্তুতিগুলো খুটিয়ে খুটিয়ে দেখছে জেলা প্রশাসন। এদিকে বিপনন বাধাগ্রস্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকা।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কেভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আজ থেকে সারাদেশে সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আজ যশোরের বাস টার্মিনাল ও রেলস্টেশন ছিল জনশূন্য। সেইসাথে সড়কে মানুষের চলচাল একেবারে নেই বললেই চলে। তবে সড়কে কিছু রিকশা ও ইজিবাইক চালকসহ জরুরি কাজে কিছু মানুষকে বের হতে দেখা গেছে।
আব্দুর রহমান নামে এক রিকশা চালক জানান, ঘরে ৫টি মুখ। দিনে যা আয় হয় তা দিয়েই সংসার চলে। সকালে বের হয়েছি কিন্তু রাস্তায় লোকজন নেই বললেই চলে। মাত্র ৫০ টাকা ভাড়া খাটিছি। এখনও বাড়ি চলে যাবো।
অবশ্য মানুষকে ঘরে রাখতে আজও সকাল ১০টা থেকে শহরের প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে সেনাটহল দিতে দেখা গেছে। টহলের পাশাপাশি সংকট মোকাবেলার প্রস্তুতিগুলো খুটিয়ে খুটিয়ে দেখছেন তারা।
জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, মানুষ যাতে ঘরে থাকে সেজন্য আমরা উদ্ভুদ্ধ করছি। যারা মানবে না তাদের উপর আইন প্রয়োগ করবো। আজকে আমরা শহর পরিক্রমা করেছি। মানুষ বাইরে আছে কীনা দেখার জন্য। সেইসাথে করোনা আক্রান্ত রোগী পেলে তার ব্যবস্থাপনায় যে উদ্যোগ নেয়া হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, যশোরে ৮ প্লাটুন সেনা সদস্য নামানো হয়েছে। প্রয়োজন হলে আরো নামবে।
এদিকে বিপনন বাধাগ্রস্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকা। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ ছুটি বলবৎ থাকবে বলে ঘোষণা করেছে যশোর জেলা সংবাদপত্র পরিষদ।
যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ জানিয়েছেন, গতকাল রাতে কাজ করে স্বাধীনতার দিবসের ছুটি ঘোষণা করা হয়। এসময় ২৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত করোনা ইস্যুতে যশোর সংবাদপত্র পরিষদের ঘোষিত পত্রিকা বন্ধের সিদ্ধান্তও কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে।


