যশোর প্রতিনিধি : যশোরের নতুনহাট এলাকা থেকে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাত্র তিন হাজার টাকার জন্য তারা এ স্বর্ণবহন করছিলো বলে দাবি করেছেন আটককৃতরা।
বিজিবি জানিয়েছে, যশোর জেলার সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্তকে ঘিরে কিছু চোরাকারবারী দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছে। এ কারণে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের জন্য বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার রয়েছে সীমান্ত সংলগ্ন এরাকায়। যার ফলশ্রুতিতে আজ সকালে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সুবেদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে একটি যশোর-বেনাপোল নতুনহাট এলাকায় বেনাপোলগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করে। এসময় দুই আরোহী নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেনের দেহ তল্লাশি করে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক তৌহিদুল ইসলাম জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। মূলত তারা জনপ্রতি তিন হাজার টাকার বিনিময়ে যশোর থেকে স্বর্ণ রিসিভ করে বেনাপোলে পৌছে দেয়। আজ যশোর শহরের দড়াটানা থেকে তাদের গ্রুপের একজনের কাছ থেকে স্বর্ণেরবারগুলো সংগ্রহ করে। এরপর তা নিয়ে মোটরসাইকেলে করে বেনাপোলে নিয়ে যাচ্ছিলো। বেনাপোলে ভারত থেকে আসা একব্যক্তির স্বর্ণেরবার গুলো গ্রহণ করার কথা ছিলো।
এদিকে যশোরস্থ ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানিয়েছে, আটককৃতরা কোমরে বেধে স্বর্ণ পাচার করছিলো। আটককৃতরা স্বর্ণের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরো বলেন, সংঘবদ্ধ এ চক্রটির সদস্যদের কয়েকজনকে এর আগেও আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে।


