মেহের আমজাদ,মেহেরপুর: অগ্রাহায়নের শুরুতেই শীতের আগমনি বার্তা বইছে মেহেরপুরে। রাতে পড়ছে শিশির বিন্দু। আর কুয়াশার চাদরে ঢাকা পড়ছে আকাশ। ভোরে কুয়াশার বিন্দু বিন্দু শিশির কণা ঘাস লতা পাতাকে সিক্ত করে সাদা করে তুলছে।
আর শীতের এমন আগাম আগমনে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষকের কারিগরেরা। আবার স্বাভাবিকভাবেই অনেক পরিবার শীত নিবারণে এখনই বের করে ফেলেছেন গত বছরের তুলে রাখা গরম কাপড়।
বিকাল হলেই শীতল হাওয়া আর সন্ধ্যার পর পরই কুয়াঁশা ঝরতে শুরু করেছে। মধ্য রাতে টিনের চালার উপর টুপটাপ শব্দ যেন জানান দিচ্ছে শীতের আগমন। রাত ১০টার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। সুঁই-সূতা হাতে লেপ তোষকের কারিগররা
এখন ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমে উঠতে শুরু করেছে মেহেরপুর শহরের লেপ-তোষকের দোকানগুলো। সকাল থেকে রাত পর্ষন্ত চলছে লেপ-তোষক তৈরির কাজ। অন্যান্য সময় এই কারিগররা অলস সময় পার করলেও এখন যেন ব্যস্ততার শেষ নেই।
শীতের এই তিন চার মাস চলবে লেপ-তোষক তৈরির কাজ। একটি লেপ তৈরিতে ২ জন কারিগরের সময় লাগে ৪ থেকে ৫ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ২ থেকে ৩টি লেপ তৈরি করতে পারেন। শীত নামতেই লেপ-তোষক কেনার হিড়িক পড়ায় আগাম লেপ-তোষক তৈরি শুরু হয়ে গেছে। লেপ-তোষক তৈরি করতে তুলাসহ যেসব মালের প্রয়োজন হয় তার দাম এবছর সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান কারিগরেরা।
ব্যবসায়ীরাও এখন লেপ-তোষক ও বালিশ নিয়ে প্রতিদিন গ্রামাঞ্চলে নিয়ে গিয়ে বিক্রয় করেছে। শীতার্তদের মাঝেও ধুম পড়ে গেছে শীত নিবারণের জিনিষপত্র কেনার।




