ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ ফের পিছিয়ে ২৯ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের জন্যে এ দিন নির্ধারণ করেছেন।
আজ সোমবার(৯ অক্টোবর) সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ২৩ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে বলে জানিয়েছিলেন।
আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। এমআরটি লাইন-৬ প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ হওয়ায় ব্যয় বাড়ে ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা। তখন সর্বোমোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ও সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন। এরপর ২৯ ডিসেম্বর সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।



