দু’দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এবং ʽমুজিববর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে ১৬ নভেম্বর নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মোঃ শামীম আহসান নাইজেরিয়া ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সভাপতি বস মোস্তাফা (Boss Mustapha) কে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করেন।
বাংলাদেশ হাইকমিশনার বলেন, দু’দেশ অন্যান্যদের সাথে কোভিড-১৯ মহামারি মোকাবেলা করছে যা তাদেরকে ঘনিষ্ঠতর করেছে। হাইকমিশন কর্তৃক বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সময়ে প্রতীকী নিদর্শন স্বরূপ পিপিই হস্তান্তর করতে পারায় আহসান বিশেষ সন্তোষ প্রকাশ করেন।
বস মোস্তাফা বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করে যাচ্ছে। তিনি প্রসঙ্গক্রমে বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তরিক উপহার স্বরূপ পিপিই হস্তান্তর বন্ধুপ্রতিম দু’দেশের বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে গভীরতর করবে।
নাইজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রী Osagie Emmanuel Ehanire, স্বাস্থ্য প্রতিমন্ত্রী Dr. Adeleke Olorunnimbe Mamora, মন্ত্রণালয়ের সচিব-সহ মিশনের প্রথম সচিব বিদোষ চন্দ্র বর্মন এ সময় উপস্থিত ছিলেন।




