নিউজ ডেস্কঃ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। সরকারের তৃতীয় বছর উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে, ‘অভিযাত্রার মোহনায় ডিজিটাল বাংলাদেশ : বর্তমান সরকারের এগিয়ে যাওয়ার তিন বছর’ নামে এ সংবাদ সম্মেলনে অগ্রগতি ও অর্জন তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।’
জুনাইদ আহমেদ পলক জানান, প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় সব সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে।



