মাদারীপুরে আগামী রোববার সারাদেশের ন্যায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৭০ হাজার ৬৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৪ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মদ খান এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভার( মাদারীপুর পৌরসভা ও শিবচর পৌরসভা) সমন্বয়ে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবী ১ হাজার ৫০৪ টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৪৭৫ শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪৯ হাজার ১৯৭ শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান তার বক্তব্যে বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের নানা উপকার করে। এই ভিটামিনটি শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। যেহেতু এটি মানবদেহে তৈরি হয়না তাই এ ক্যাপসুলটি খাদ্য বা সম্পূরক মাধ্যমে গ্রহন করা অতি জরুরি।
সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামানের সঞ্চালনায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

