সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের পূর্বজামডহর গ্রামের কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার আমলশীদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮) স্থানীয়রা জানান, এদিন দুপুরে পূর্বজামডহর গ্রামের কুরিয়ারবন্দ কুশিয়ারা নদীতে মাছ ধরার নৌকায় তিনজন সঙ্গীসহ যান দেলোয়ার হোসেন। বড়শিতে মাছ ধরা পড়লে নৌকা থেকে অক্সিজেন সাপোর্টসহ নদীতে নামেন তিনি। সঙ্গীয় অন্য তিনজন নৌকায় অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও নদীর তলদেশ থেকে ফিরছিলেন না দেলোয়ার। পরে রশি ধরে টান দিয়ে উপরে উঠালে তার নিথর দেহ উঠে আসে। সেই সঙ্গে বড়শিতে ধরা পড়া ৫০ কেজি ওজনের জীবিত বাঘাইড় মাছ উঠে আসে।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ বাঘাইড়সহ যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য এমাদউদ্দীনসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহতের ছোট বোন আমিনা বেগম জানান, তার ভাইয়ের সঙ্গীয় অন্য মাছ শিকারিরা বাড়িতে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে ভাইয়ের নিথর দেহ নৌকায় রাখা দেখতে পান।
আমিনা বলেন,৩১ জানুয়ারি বুধবার আমার ভাই কানাডা যাওয়া জন্য ফিঙ্গার দিয়ে এসেছিলের। কিন্তু আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এমাদ উদ্দীন বলেন, দেলোয়ার হোসেনের শখ ছিল বড়শি দিয়ে মাছ ধরা। বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তিনি।