যশোর প্রতিনিধি: সীমানা জটিলতায় আটকে থাকা যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় নির্বাহী আদেশে পুরাতন সীমানায় নির্বাচনের দাবি জানানো হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল পৌরবাসীর ব্যানারে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল পৌরবাসী আন্দোলন কমিটির আহবায়ক মোস্তাক হোসেন স্বপন। এসময় তিনি বলেন, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয় ২০১১ সালের ১৩ জানুয়ারি। পরবর্তীতে এ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ায় তিনটি ইউনিয়নকে পৌরসভার সাথে সংযুক্ত করা হয়।
এরপর পৌর মেয়র তার অনুসারীদের দিয়ে মামলা দায়ের করে নির্বাচন বাধাগ্রস্ত করে আসছে। এর ফলে গত ৫বছর ধরে এ পৌরসভায় নির্বাচন হচ্ছে না। দেশের সর্বোচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি করানো হলেও পুনরায় মামলা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা হয়। বর্তমানে ৯টি মামলা চলমান রয়েছে। এ অবস্থায় পৌর এলাকার উন্নয়ন ও নাগরিকদের সেবা নিশ্চিত করতে নির্বাহী আদেশে পুরাতন সীমানায় নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মোহাম্মাদ নূরুজ্জামান, আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা শাহ আলমসহ বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি, হ্যা-লিং শ্রমিক ইউনিয়ন, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


