বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্যের পরলোক গমন

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্যের পরলোক গমন

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্যের পরলোক গমন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় তিনি পরলোক গমন করেন।

যশোরের রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শেখ হাসিনা।

তিনি শোক বিবৃতিতে পরলোকগত পীযূষ কান্তি ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত সুধীর কুমার ভট্টাচার্য ও মৃত ঊষা রানী ভট্টাচার্যর সাত সন্তানের প্রথম সন্তান পীযূষ কান্তি ভট্টাচার্য ১৯৪০ সালের ১ মার্চ যশোর জেলার মণিরামপুর থানার পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ভট্টাচার্য ১৯৭৩ সালে যশোর-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর ভাই স্বপন ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।

অত্যন্ত সৎ, সদালাপী ও নিরহংকার এই মানুষটি ছিলেন সবার প্রিয় এক ভদ্রলোক— একজন সত্যিকারের জননেতা, যিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। বড় ছেলে বাবলু ভট্টাচার্য চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। ছোট ছেলে পার্থ এবং ছোট মেয়ে তাপসী বর্তমানে সুইডেনে বসবাস করেন। বড় মেয়ে আবৃত্তিকার তপতী স্বামী ও সন্তান নিয়ে কলকাতায় থাকেন।

স্বাধীনতার পর থেকে সর্বশেষ ঘোষিত যশোর জেলা আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি ছিলেন তিনি। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।⁩

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।