বিশেষ প্রতিবেদকঃ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি প্রণয়নের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের ক্ষমতা আরও বেড়েছে বলে দাবি করছেন আইনমন্ত্রী আনিসুল হক।
অপরদিকে নানা জটিলতার পর আজ মঙ্গলবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালার গেজেট প্রকাশের পর বিএনপি প্রতিক্রিয়ায় বলেছে, এর মধ্য দিয়ে বিচারকদের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল।
তবে আইনমন্ত্রী বলছেন ভিন্ন কথা। তিনি বলেন-‘না বুঝে’ অনেকেই এই বিধিমালার সমালোচনা করছেন।
প্রধান বিচারপতি এস কে সিনহার ঘটনাবহুল পদত্যাগের পর দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে আলোচনার পর নিম্নআদালতের বিচারকদের চাকরিবিধি চূড়ান্ত করে সরকার।
আইন মন্ত্রণালয় এই বিধিমালা তৈরি করার পর বিচারপতি সিনহা তাতে আপত্তি জানিয়ে ফেরত পাঠিয়েছিলেন। তার সময়কালে আর বিধিমালার বিষয়ে মতৈক্য হয়নি।
মঙ্গলবার আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘উচ্চ আদালতের সঙ্গে আলাপ-আলাচনা করেই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আমার মনে হয় সুপ্রিম কোর্টের ক্ষমতা কোথাও ক্ষুণ্ন করা হয়নি বরং একটু বৃদ্ধি করা হয়েছে।’
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কারণে এই আচরণ বিধি প্রণয়নে দেরি হওয়ার বিষয়ে আনিসুল হক বলেন, ‘যেসব জিনিস চলে গেছে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আমরা সংবিধান অনুযায়ী কাজ করব, পরিষ্কার কথা। এখন পর্যন্ত মনে হয় না যে সংবিধানের বাইরে আমরা কোনো কাজ করছি।’



