বিএনপিকে ভয় পায় বলেই সরকার ৭ নভেম্বরের সমাবেশ করতে দিচ্ছে না

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতি অভিযোগ করে বললেন, বিএনপিকে ভয় পায় বলেই সরকার ৭ নভেম্বরের সমাবেশ করতে দিচ্ছে না।

গতকাল রাতে জাতীয়তাবাদী মহিলা দলের জেলাপর্যায়ের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন এই অভিযোগ করেন।

তিনি বলেন, এই সরকার আমাদের কোনো কর্মসূচি করতে দেয় না। ৭ নভেম্বর আমরা বরাবর পালন করেছি। এবার আমরা একটা জনসভা করব, তারা করছে, তারা করতে পারে, আমাদের করতে দিতে চায় না। তারা বিএনপিকে ভয় পায়। এই অবস্থা দীর্ঘ দিন চলতে পারে না উল্লেখ খালেদা জিয়া বলেন, ‘এভাবে মানুষকে দীর্ঘ দিন ধরে রাখা যায় না, মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না। তেমনিভাবে দীর্ঘ দিন মানুষকে ঘরের ভেতরে বন্দী করে রেখে, ঘরের ভেতরে কর্মসূচি সেটাও করতে দেয়া যাবে না। আমাদের বের হতে হবে। আমরা বের হবো। আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ জনগণকে আমাদের সাথে পাবো।’

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলে বিএনপি ৮ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন জানিয়েছে। যদিও পুলিশ এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা নেতাদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠান হয়।

গত শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা দলের জেলা প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে সংগঠনটির ৭৮টি সাংগঠনিক জেলার প্রতিনিধিরা এতে অংশ নেন। গত ২৭ সেপ্টেম্বর মহিলা দলের আফরোজা আব্বাসকে সভানেত্রী ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি।

খালেদা জিয়া অভিযোগ করে বলেন, সরকার প্রতিটি পদে পদে বাধা সৃষ্টি করছে, যাতে আমরা কাজ করতে না পারি। কিন্তু আমরা সত্য ও ন্যায়ের পথে আছি। আপনাদের মনোবল শক্ত আছে, আমাদের মনোবল শক্ত আছে, সত্যের জয় হবেই হবে।

চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জিনিসের দাম বেশি। অন্য দিকে কৃষকরা ধানে দাম পান না। তারা পণ্য উৎপাদন করতে উৎসাহ হারিয়ে ফেলছে। সেখানেও সরকারি দলের লোকেরা মুনাফা নিয়ে যাচ্ছে। ১০ টাকা কেজি দামে হৃতদরিদ্রদের চাল ক্ষমতাসীনরা লুট করে নিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রধান।

দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কারো কথা শুনে চলার জন্য নয় বা কারো শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ, এটা সবাইকে বুঝতে হবে। যারা এটা বুঝে না, তাদের আমাদের বুঝিয়ে দিতে হবে যে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখানে ১৬ কোটি লোক আমরা।

তিনি বলেন, এই ১৬ কোটি লোক আমরা কারো ডিকটেশনে, কারো নির্দেশে চলব না। শুধু মতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দেবো বা মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সব কিছু মেনে নিয়ে যা বলবে, তা করব, সেটা আমরা মেনে নিতে পারি না, বিএনপি বা জাতীয়তাবাদী শক্তি তা মেনে নিতে পারে না। মহিলা দলের নেতাদের সংগঠন শক্তিশালী করার জন্য তাগিদ দেন খালেদা জিয়া।
দেশের একটি সুষ্ঠু নির্বাচনের দাবির কথা উল্লেখ করে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও পুনর্বিন্যাসের দাবি জানান।

তিনি বলেন, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও পুনর্বিন্যাস করতে হবে। এরপর নিরপে সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে। একটা জবাবদিহি সংসদ হবে যেখানে সুন্দর বিতর্ক হবে, সরকারি দলও থাকবে, বিরোধী দলও থাকবে।

দেশে বর্তমান সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এরা দুর্নীতি করেই যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, জবাবদিহিতা হচ্ছে না। কার কাছে জবাবদিহি করবে। বিচার বিভাগ আছে, তার কোনো মতা নেই। সরকারই সব নিয়ন্ত্রণ করছে।

এ সরকারের আমলে নারীরা নিরাপত্তাহীনতায় মধ্যে চলেছেন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, প্রতিনিয়ত নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছে। সরকারি মদদে দলের লোকজনই এগুলো করছে। ওদেরকে ধরাও হয় না, ওদের বিচারও হয় না। বিচারহীনতার কারণে অপরাধীরা ঘুরে বেড়ায়। তাদের শাস্তি দেয়া হয় না। কারণ তারা জানে তাদের ধরা হবে না। সেজন্য তারা একটার পর একটা অপরাধ কাজ করে চলেছে।

আফরোজা আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের সুলতানা আহমেদ, নুরজাহান ইয়াসমীন, জেবা খান, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।