কাঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষা শত শত গাড়ি

কাঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষা শত শত গাড়ি

পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপ‌থে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। তীব্র স্রোত, নাব্য সংকট ও বৃষ্টিতে দিনের ১২ ঘণ্টার সময়কালেও স্বাভাবিক নিয়মে ফেরি চালানো যায়নি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় তারা। এ রুটে আজ আর ফেরি চলাচল চালু না হওয়ারও শঙ্কা প্রকাশ করে কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, নাব্য সংকটে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল। তবে পথিমধ্যে চ্যানেলের নাব্য সংকট হওয়ায় আবার ঘাটে ফিরে আসে।

বর্তমানে প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে শিমুলিয়া ঘাটে। এদিকে, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এ ঘাটে। এর আগে, শনিবার (২৯ আগস্ট) থেকে তীব্র স্রোত ও পদ্মা সেতুর কাজের নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়। ফলে শনিবার থেকে ১২ ঘণ্টার ব্যবধানেই চলছিল ফেরি পারাপার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।