ফেনীতে সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ একসঙ্গে চারটি সন্তান প্রসব করেছেন।
আজ সোমবার ১৪ই জুন বিকেল ৪টার দিকে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ৪টি কন্যাসন্তানের জন্ম দেন।
ওই গৃহবধূ ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী। সালমা আক্তারের দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, তাঁরা এর আগে দুজন সন্তানের কথা চিকিৎসক ও আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন। আজ দুপুরের দিকে তাঁর ভাবির প্রসবব্যথা শুরু হলে তাঁকে শহরে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা দেখেই অস্ত্রোপচারের পরামর্শ দেন। বিকেল চারটার দিকে চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু অস্ত্রোপচারের মাধ্যমে চারটি নবজাতক বের করে আনেন।
আনোয়ার আরও জানান, ‘এর আগে ভাই-ভাবির ৪ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। একসঙ্গে ৪টি মেয়েসন্তান পেয়ে আমরা পরিবারের সবাই খুশি হয়েছি। আমাদের যৌথ পরিবারে ৪ সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবে না।’




