ফরিদপুরে ১২ ঘন্টার ব্যাবধানে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

ফরিদপুরে ১২ ঘন্টার ব্যাবধানে করোনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে মিজানুর রহমান হালিম খন্দকার নামের এক বীর মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী মেহেরুন নেসার মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে মারা যান শহরের খন্দকার হোটেলের মালিক ঝিলটুলী নিবাসী বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান হালিম (৭২)। এর আগে, সোমবার সকালে তাঁর স্ত্রী মেহেরুন নেসা (৭০) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: ছিদ্দিকুর রহমান জানান, মেহেরুন নেসা ১০ দিন আগে ও তার স্বামী মিজানুর রহমান হালিম ছয় দিন আগে করোনায় আক্রান্ত হন। তারা দু’জনেই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে তাদের ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে তারা মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ফরিদপুরের ১২৬ জন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত হন ৯ হাজারের মতো। যাদের মধ্যে গত এক সপ্তাহে মারা যান পাঁচজন। এখনো ১৯২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়েছে ৩৪ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।