প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, দাম বাড়ালে ছাড় নয় -খাদ্যমন্ত্রী

দেশে প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে; স্থিতিশীল আছে চালের বাজার দর, বাড়ানোর সুযোগ নেই। সিন্ডিকেট করে, গুজব ছড়িয়ে বাজার দর অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়ায় স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। চলতি মৌসুমী আমনের ফলনও ভালো হয়েছে। তিনি বলেন, দেশের শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শস্য উৎপাদন করেছেন। সেই শ্রম কিছুতেই মূল্যহীন হতে দেওয়া হবে না। একইসাথে অতিরিক্ত দরে যাতে ভোক্তাকে চাল কিনতে না হয় সেজন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরকারি গুদামে ধান-চাল সংগ্রহের বিষয়ে মন্ত্রী বলেন,  প্রকৃত কৃষক ছাড়া কারো কাছ থেকে ধান কেনা হবে না। সরকারি ধান চাল ক্রয়ে রাজনৈতিক নেতা বা প্রভাবশালীদের স্থান দেওয়া হবে না। ধান দিতে এসে কৃষককে যাতে হয়রানির শিকার হতে না হয়; সে জন্য  নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি ধান চাল ক্রয় সহজ ও ডিজিটালাইজড করতে পরীক্ষামূলকভাবে দেশের ১৬টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এতে চাষিরা সহজেই ঝামেলাহীনভাবে গুদামে ধান চাল সরবরাহ করতে পারবেন। আমন ধান কাটা ও মাড়াই চলছে। এবার চাষিরা ভাল দাম পাবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন মন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।