প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের এপিএসসহ ৮ জনের বিরুদ্ধে থানাই অভিযোগ

যশোর প্রতিনিধঃ যশোরের মণিরামপুরে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম নয়নকে মারপিট করার অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে এপিএস কবির খানসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে উপজেলা চেয়াম্যানের পিএস মনিরুল ইসলাম নয়ন বাদী হয়ে এ অভিযোগ করেন।
আসামিরা হলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে এপিএস সাবেক ছাত্রলীগ নেতা কবির খান, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, ইলিয়াস হোসেন, রমেশ দেবনাথ, সোহাগ ও উত্তম দে।
পরিষদ মিলনায়তনে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আকতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সকল ইউপি চেয়ারম্যান।
সভায় ঝাপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু অভিযোগ করেন, ১৭ জুলাই উপজেলা চেয়ারম্যান জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা খানমের ছেলে আসিফ খান অভি তার ফেসবুক আইডিতে জনপ্রতিনিধিদের কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেন। এ অভিযোগ উত্থাপন করে চেয়ারম্যান মন্টু দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান তার ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডন করে বিভিন্ন উপমা দিতে শুরু করেন। একপর্যায়ে ভোজগাতী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ঝাপা চেয়ারম্যানের পক্ষ নিয়ে নাজমা খানমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিরস্কার করেন। নাজমা খানম উত্তেজিত হয়ে পাল্টা আবদুর রাজ্জাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
এ সময় বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের পক্ষে অবস্থান নেন। ফলে সভাকক্ষে বাকবিতণ্ডাসহ প্রচণ্ড হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম সভা ত্যাগ করে চলে যান।
নাজমা খানমের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু এবং ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পরিকল্পিতভাবে গালিগালাজসহ হাত উঁচু করে তার দিকে তেড়ে আসেন। এ সময় অবশ্য উপস্থিতিরা তাদের ঠেকিয়ে দেন। অন্যদিকে গালিগালাজের অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাক জানান, বিভিন্ন বিষয়াদি নিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে তার বাকবিতণ্ডা হয়েছে।
নাজমা খানম অভিযোগ করেন, সভাকক্ষ থেকে প্রতিমন্ত্রীর পিএস কবির খান তার পিএস নয়নকে মারপিট করে বের করে দিয়েছে। তবে মারপিটের অভিযোগ অস্বীকার করে কবির খান জানান, প্রতিমন্ত্রীর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা কমিটির বাইরের লোকজনকে সভাকক্ষ থেকে বের করে দেয়া হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
উপজেলা চেয়ারম্যানের পিএস মনিরুল ইসলাম নয়ন জানান, এ ঘটনায় তিনি প্রতিমন্ত্রীর এপিএস কবির খানসহ ৮ জনের নাম উল্লেখসহ বুধবার রাতে থানার ডিউটি অফিসার এসআই সোমেনের কাছে লিখিত অভিযোগ করেছেন। এসআই সোমেন কুমার বিশ্বাস জানান, লিখিত অভিযোগটি ওসি সাহেবের কাছে দেয়া হয়েছে।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সরকারি ৫৫৫ বস্তা চাল পাচারের সময় পুলিশ চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাকচালক ফরিদ হাওলাদারকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেন। পুলিশ পরবর্তীতে আরো ৩ জনকে আটক করে। উপজেলা চেয়ারম্যান নাজমা খানম চাল পাচারের ঘটনার মূলহোতা হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর ভাগ্নে ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ করেন। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের মধ্যে বিবাদ চলে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।