শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুই নারী সদস্য রয়েছে। বৃহস্পতিবার সকালে পালং মডেল থানায় তাদের নিয়ে আসা হয়। গত মঙ্গলবার গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা থেকে এই প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
এ ঘটনায় শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের আটিপাড়া গ্রামের আমির সরদারের ছেলে আনোয়ার সরদার বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার দীয়াপাড়া গ্রামের বাদশা মাদবরের ছেলে মাসুদ মাদবর (২৭), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের মো. রাজু মোড়লের স্ত্রী মোসা. তাসলিমা বেগম (২৪), জলিরপাড় এলাকার রাজা চোকদারের স্ত্রী নাসিমা বেগম (৩০), জলিরপাড় গ্রামের মোহাম্মদ আলী চোকদার ওরফে আঃ চোকদারের ছেলে রাজা চোকদার (৩৫) ও রাজৈর উপজেলার টেকের হাটের গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে লাভলু হাওলাদার (৩০)।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, প্রতারকরা শরীয়তপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে সৌদি রিয়ালের সঙ্গে বাংলাদেশী টাকার বিনিময়ের কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের এই পাঁচ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন নারী সদস্য রয়েছে।




