এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ প্রচন্ড শীতে পঞ্চগড়ের জীবনযাত্রা বিপন্ন হয়ে পরেছে। গত ছয় দিন ধরে বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা তুলনামুলক ভাবে বেশি। তীব্র শীতের কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশায় ঢেঁকে গেছে পুরো পঞ্চগড় জেলা।
গত দু’দিন ধরে দেখা মিলেনি সূর্যের। বৃষ্টির মত টিপ টিপ করে ঝড়ছে কুয়াশা। মহাসড়কে যানবাহন গুলো দিনের বেলায়ও চলছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কমে যাওয়ায় কাজে যেতে পারছেনা খেটে খাওয়া মানুষ। অনেকেই খড়-কুটো জ্বালিয়ে করছেন শীত নিবারণের চেষ্টা। চরম দূর্ভোগে পরেছে নিম্ন আয়ের মানুষ। সেই সাথে শীতে কাবু হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখিও। এদিকে ঘন কুয়াশায় বোর ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। অনেকেই পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন বীজতলা। তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের দূর্ভোগ বেড়েছে। শিশুরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে।
আজ সকাল ৯ টায় জেলার সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রী সেলসিয়াস।
পঞ্চগড় জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, পঞ্চগড় জেলার শীতার্ত মানুষের জন্য এখন পর্যন্ত ২৮ হাজার কম্বল সরকারি ভাবে বরাদ্দ পাওয়া গেছে। যা ইতোমধ্যে পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ভাবে বিভিন্ন সংগঠন জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছেন বলে তিনি জানান।


