এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় আদালতের আদেশ ভঙ্গ করে এক বিএনপি নেতার বাড়ির রাস্তা নির্মাণে ইউএনও মরিয়া হয়ে উঠেছে। এতে জমির মালিকরা বাধা দেয়ায় এক যুবলীগ নেতা ও বৃদ্ধকে আটক করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।
ভুক্তভোগী জমির মালিক মোহাম্মাদ মল্লিক, বিউটি খাতুন, মাজিদা খাতুন সহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ধানদিয়া কৃষনো নগর মৌজার এস.এ ৬৬৬ খতিয়ানে ৩৫৪ দাগে ৮৪ শতকের মধ্যে ৫ শতক যা পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে ভুক্তভোগীরা দীর্ঘকাল বসতবাড়ি নির্মাণ গাছ-গাছালি রোপণের মাধ্যমে বসবাস করে আসছিলেন। এমতাবস্থায় প্রভাবশালী প্রতিবেশী মৃত হামেদ আলী মল্লিকের পুত্র পরসম্পদলোভী তালা উপজেলা বিএনপির সহ সভাপতি প্রভাষক রাজ্জাক মল্লিক জোর পূর্বক রাস্তা নির্মাণের পায়তারা করে আসছেন। এরই মধ্যে নিরীহ জমির মালিক আশরাফ, সাজ্জাদ, মোহাম্মাদ আলী দিং সাতক্ষীরা সহকারী জজ আদালতে ১৩৬/২০১৩ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭৭/১৬ নং পৃথক দুটি মামলা দাখিল করে। যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে ঐ বিএনপি নেতা উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট কল্প কথা সাজিয়ে লিখিত আবেদন করায় গত ৭ মাস নোটিশের মাধ্যমে নিরীহ জমির মালিকদের ইউএনও কার্যালয়ে হাজির হতে বলেন। এ প্রেক্ষিতে গত ১৪ মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকলে হাজির হলেও সুচতুর অভিযোগকারী রাজ্জাক মল্লিক হাজির না হলেও নির্বাহী কর্মকর্তা সরেজমিন তদন্তের দিন ধার্য করেন।
আজ সকাল ১০ টায় নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন থানা পুলিশ কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছান। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপসিথতিতে রাস্তা নির্মাণের কথা কাটাকাটির একপর্যায়ে জমির মালিক আফসার মল্লিকের জামাই কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম (৪৩) এবং অপর জমির মালিক বৃদ্ধ মোজাম মল্লিক (৯০) কে ইউএনও’র নির্দেশে পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতার করে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। এরপর দুপুর অনুমান পৌনে ৩ টার দিকে নির্বাহী কর্মকর্তা উপস্থিত এসিল্যান্ড ও থানা পুলিশকে রাস্তা নির্মাণের নির্দেশ দিয়ে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় নিরীহ জমির মালিকদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এদিকে আরেক জমির মালিক মৃত শওকত মল্লিকের মেয়ে বিউটি খাতুন, বৃদ্ধ ওহাব মল্লিক সহ অনেকে ক্ষোভের সঙ্গে বলেন, জান দেব তবুও রাস্তা হতে দেব না।


