পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিডি) জাকি-উর রেহমান লাখভি নামে লস্কর ই তৈয়বার এক নেতা গ্রেফতার।
সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে ২ জানুয়ারি শনিবার তাকে গ্রেফতার করা হয়। এর আগে মুম্বাই হামলার লস্কর ই তৈয়বার অপারেশন কমান্ডার লাখভিকে গ্রেফতার করা হলে ২০১৫ সালে মুক্তি পায়।
লাখভিকে পুনরায় আটকের বিষয়টি পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে কোন জায়গা থেকে লাখভিকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে কিছু বলা হয়নি। জাকি-উর রেহমান লাখভি জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের দাবি লাখভি মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একজন মুখপাত্র বলেন, নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈয়বার নেতা জাকিউর রহমান লাখভিকে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি তৎপরতার জন্য তহবিল সংগ্রহ ও বিতরণের উদ্দেশ্যে এই সন্দেহভাজন একটি ওষুধের দোকান চালাচ্ছিল বলে জানান ওই মুখপাত্র।
২০০৮ সালের ২৬ নভেম্বরে ভারতের মুম্বাই শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একইসঙ্গে কয়েকটি স্থানে সংগঠিত এই হামলায় অন্তত ১৭৪ জন নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বাকে দায়ী করে দিল্লি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছে, লাখভি লস্কর ই তৈয়বার অভিযান বিষয়ক প্রধান এবং তিনি চেচনিয়া, বসনিয়া, ইরাক ও আফগানিস্তানসহ অন্যান্য দেশ ও অঞ্চলের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।




