নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের ঢাকা সফর শেষে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা সফর শেষে দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকায় এসে পৌঁছান ল্যাভরভ। কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর এটি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে ফুলের তোড়া হাতে স্বাগত জানান। এরপর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। প্রায় ঘণ্টা-খানেকের বৈঠক শেষে মোমেন-ল্যাভরভ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

শুরুতে ড. মোমেন কথা বলন। তিনি মস্কোর সঙ্গে ঢাকার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। মোমেন বলেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ল্যাভরভের উপস্থিতিতে স্পষ্ট ভাষায় মোমেন বলেন, পরাশক্তিগুলোর প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাংলাদেশ এ অঞ্চলে ছায়া যুদ্ধ দেখতে চায় না। বাংলাদেশ সংলাপ এবং আলোচনার মাধ্যমে যেকোনো সংকট সমাধানের পক্ষে।

অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় বাংলাদেশের প্রশংসা করেন ল্যাভরভ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম অংশীদার বাংলাদেশের সঙ্গে রাজনৈতিকসহ সর্বস্তরে সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।