(ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২০): বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্বপালনকারী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
আজ এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, ১৯৭১-এ আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মোহাম্মদ নাসিম তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসন ও নির্যাতনের বিরুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সমানভাবে রাজপথে সক্রিয় ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ নাসিম সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ।
শোকবার্তায় ভূমিমন্ত্রী আরও বলেন, আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী মহান রাজনীতিবিদ। জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম-এর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




