নতুন সিএএ আইনে নাগরিকত্ব যাবে না কারও, জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক

নতুন সিএএ আইনে নাগরিকত্ব যাবে না কারও, জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সিএএ হল ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন। এই নতুন আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা (হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি) ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে আশ্রয় নিয়েছেন, তাদের নির্দিষ্ট নথি ও শর্ত মিলিয়ে নাগরিকত্বের শংসাপত্র দেবে ভারত।

ভোটার কার্ড বা আধার থাকা সত্ত্বেও অনেক পরিষেবা পাওয়ার জন্য (যেমন পাসপোর্ট, ভিসা পাওয়া) জন্মস্থানের উল্লেখ করতে হয়। সে ক্ষেত্রে প্রতিবেশী দেশের ঠিকানা দেওয়া হলে, সমস্যায় পড়তে হয়। ভিন্‌ রাজ্যে কাজে যাওয়া থেকে শুরু করে যে কোনও ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র দাখিল করতে গেলেই একই সমস্যা। অনেকের বিশ্বাস, সিএএ সেই সমস্যা মেটাবে। ভবিষ্যতে দেশ থেকে বিতাড়নের ভয় থাকবে না। কারণ, সিএএ-র আইনি শংসাপত্র পাওয়া সকলে এ দেশের নাগরিক বলে গণ্য হবেন। পাসপোর্ট-সহ কোনও সরকারি পরিষেবা পেতে গিয়ে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা থাকবে না। বিশেষত ভবিষ্যতে কখনও যদি এ দেশে জাতীয় নাগরিক পঞ্জি (এনপিআর) তৈরি হয়, তখন তাতে নাম না উঠলে।

সিএএ-র দাবি তোলা মানুষদের দীর্ঘদিনের অভিযোগ, তাদের অনেকেই পরিণত বয়সে এ দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। ফলে এখানে বৈধ কাগজপত্র তৈরিতে সমস্যার মুখে পড়তে হয়েছে। কাজ করার ক্ষেত্রে সমস্যা হয়। অনেক সময় ভিন্‌ রাজ্যে গেলে দাগিয়ে দেওয়া হয় বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে। কোনও রাজ্য অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অভিযান চালালে, গ্রেফতার হওয়াও অসম্ভব নয়। তাদের আশা, সিএএ মারফত আইনি ভাবে ভারতের নাগরিকত্বের শংসাপত্র পেলে, এ দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় থাকবে না। সুবিধা হবে সমস্ত সরকারি চাকরি কিংবা পরিষেবা পেতেও।

পুরনো নাগরিকত্ব আইন অনুযায়ী, এক বছর ভারতে রয়েছেন এবং গত ১৪ বছরে অন্তত ১১ বছর এ দেশে থেকেছেন, এমন যে কেউ (তিনি নিজস্ব ধরনের ধর্মাচরণের জন্য অত্যাচারিত মুসলিম হলেও) নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। সেই নিয়ম সিএএ চালুর পরেও বহাল থাকছে। কিন্তু মুসলিমরা সিএএ মারফত (যেখানে শর্তাধীন সময় ১১ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে) আর্জি জানাতে পারবেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।