আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর সেই পরীক্ষা হবে সুষ্ঠু, সুশৃঙ্খল, নকল ও প্রশ্নফাঁসমুক্ত বললেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
আজ মঙ্গলবার চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের নকল অথবা অসত্য প্রশ্নের সন্ধান না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের কাজ হলে সঠিকভাবে পড়াশুনা করা, সঠিক পন্থা অবলম্বন করা, তবেই তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। অনৈতিক পথে চলে কখনো ভালো ফলাফলের প্রত্যাশা করা যায় না।
মন্ত্রী আরও বলেন, ‘যদি প্রশ্নপত্র পাওয়ার ব্যাপারে অভিভাবক ও পরীক্ষার্থীদের আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে পাবার, তবে অপকর্মটি যারা করে তাদের সেই চেষ্টা থাকবে না। কারণ তারা লাভবান হতে পারবে না। কাজেই সকলেরই করণীয় আছে।’
এর আগে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন, পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।



