দেশের আরও ১১টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার গড়ে তুলতে যাচ্ছে সরকার। এসব সেন্টারে বিপুল সংখ্যক তরুণ বেকারদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় দেশের ১২টি জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়।
জানা যায়, আরও ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ স্থাপন বিষয়ক একটি প্রকল্প প্রস্তাব করা হয়। এটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। গত ২৫ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়। প্রকল্পটি ২০২৫ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের কাজীপুর, জয়পুরহাটের কালাই, দিনাজপুর সদর, মানিকগঞ্জের শিবালয়, কিশোরগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, চাঁদপুরের মতলব, বান্দরবানের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ভোলা সদর, কুষ্টিয়া সদর ও মেহেরপুর সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন হবে। এসব সেন্টার প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে।
রাজশাহীতে শেখ কামাল আইটি আইটি ইনকিউবেটর তৈরির কাজ শেষ হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন। ভবনে এরই মধ্যে ৫টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে হাই-টেক পার্ক সূত্রে জানা গেছে।
এছাড়া, খুলনায় আইটি ইনকিউবেটর কাম ট্রেনিং সেন্টার তৈরি হচ্ছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্টারের ভবন নির্মাণ কাজ চলছে। গত জুন মাসের মধ্যে ভবনটির ৮৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। নভেম্বর মাসের মধ্যে এ ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানা গেছে।




