বিশেষ প্রতিবেদকঃ ‘শান্তির দক্ষিণ এশিয়া গড়তে দারিদ্র্য ও সাম্প্রদায়িকতার বোমা নিষ্ক্রিয় করার বিকল্প নেই। আর একাজে গণমাধ্যমকর্মীদের আরো সক্রিয় হতে হবে। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনী মিলনায়তনে সাউথ এশিয়ান জার্নালিস্ট ফোরাম (সাজাফ) আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশ তার চলার পথে জঙ্গি-সাম্প্রদায়িকতার বাধা পেলেও শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আবার নিজের পথে হাঁটছে।’
উপনিবেশিক, পাকিস্তানি ও গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় গণমাধ্যমের সাহসী ভূমিকার প্রশংসা করে ইনু বলেন, ‘সমগ্র দক্ষিণ এশিয়াকে দারিদ্র্য, সাম্প্রদায়িকতা ও পরমাণু বোমাত্রয় থেকে মুক্ত করতে এমুহূর্তেও গণমাধ্যমকর্মীদের সক্রিয়তর ভূমিকা একান্ত জরুরি।’
সাজাফ সভাপতি আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি সাইফুল ইসলাম ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব, সহ-সভাপতি ফারজানা শোভা প্রমূখ সভায় বক্তব্য দেন।




