বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

থুতনিতে হাত দিয়ে কি ‘গোট’ বোঝালেন রোনাল্ডো? জল্পনা তুঙ্গে

স্পোর্টস ডেস্কঃ থুতনিতে হাত। চুলকানোর ভঙ্গি। দু’হাত দু’দিকে ছড়িয়ে প্রথামাফিক সেলিব্রেশনের পাশাপাশি শুক্র-রাতে পেনাল্টি থেকে গোলের পর এ ভাবেই উত্সবে মেতে উঠতে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

আর তার পরই ফুটবল বিশ্বে শুরু জল্পনা। সেই মুহূর্তে কি লিওনেল মেসির কথাই মনে পড়ছিল সি আর সেভেনের? এই প্রসঙ্গেই এসে পড়ছে ছাগলের কথা। ইংরাজিতে যা কিনা গোট (GOAT)। এই GOAT সঙ্গে নিয়েই সম্প্রতি একটি বিজ্ঞাপন করেছেন মেসি। GOAT-কে আবার গ্রেটেস্ট অফ অল টাইম (Greatest Of All Time) এর সংক্ষিপ্ত চেহারা হিসেবে দেখছেন অনেকেই। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, ছাগলের দাড়ি চুলকানোর ভঙ্গিতে রোনাল্ডো নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই চেনাতে চাইছেন। অর্থাত্, মেসি মাঠে নামার আগেই তাঁকে অদৃশ্য চ্যালেঞ্জ ছুড়েছেন পর্তুগালের অধিনায়ক।

এমন নয় যে রোনাল্ডো এর আগে নিজেকে সর্বকালের সেরা হিসেবে দাবি করেননি। আগেও করেছেন। এবং তা ফুটবল মহলে খুব সমাদৃত হয়েছে, এমন মোটেই নয়। দিয়েগো মারাদোনা তো প্রকাশ্যেই বলেছেন— রোনাল্ডো আগে মেসিকে টপকে দেখাক, তার পর দেখা যাবে। গত কয়েক বছরে ফুটবল বিশ্ব রোমাঞ্চ ও উন্মাদনার সঙ্গে লক্ষ্য করেছে, ভালোবেসেছে, উত্তেজিত হয়েছে দুই তারকার দ্বৈরথে। দু’জনেই পাঁচ বার করে জিতেছেন ফিফা ব্যালন ডি’ওর পুরস্কার। বিশ্ব ফুটবলে এত বেশিবার এই সম্মান কেউ পাননি। মেসি-রোনাল্ডোর এটাই শেষ বিশ্বকাপ বলে ধরা হচ্ছে। সে জন্যই নিজেকে ছাপিয়ে যাওয়ার চরম তাগিদ সঙ্গী হওয়ার কথা দু’জনেরই। আর স্পেনের বিরুদ্ধে যা প্রতিফলিত রোনাল্ডোর হ্যাটট্রিকে।

প্রথম গোলের পর রোনাল্ডোর হাব-ভাব মনে করাচ্ছে অ্যাডিডাসের একটা বিজ্ঞাপনকে। দিন কয়েক আগে সেই বিজ্ঞাপনে ছাগলের সঙ্গে ফটোসেশন করেছিলেন মেসি। উসকে গিয়েছিল জল্পনা। তবে কি এলএমটেন-কেই সর্বকালের সেরা হিসেবে প্রচার করা হচ্ছে? স্বয়ং মেসির কাছেও রাখা হয়েছিল এই প্রশ্ন। আর্জেন্তিনার অধিনায়ক অবশ্য গরমাগরম বিবৃতি দেননি। সহজাত মেজাজে শুনিয়েছিলেন, নিজেকে মোটেই সেরা বলে মনে করেন না। বরং আর পাঁচজনের থেকে নিজেকে আলাদা ভাবেন না তিনি।

আর এখানেই তফাত। মেসি নিজের প্রচার নিজে করেন না। নিজেকে সেরা বলতেও চান না। থাকতে চান আড়ালে। আর রোনাল্ডো নিজেই নিজেকে বিশ্বসেরা বলে ঘোষণা করেন নির্দ্বিধায়। গোল করে থুতনিতে হাত দেওয়াতেও থাকে সেই ইঙ্গিত। আসলে দু’জনে স্বভাবেও আলাদা। মেসি অন্তর্মুখী, ভালবাসেন আটপৌরে জীবন। বান্ধবীকেই বিবাহ করেছেন। সময় কাটান তাঁর সঙ্গেই। রোনাল্ডো বহির্মুখী। পেশীবহুল চেহারায় নানা ট্যাটু। ঘনঘন বদলান চুলের স্টাইল। তার চেয়েও জলদি বদলে যায় বান্ধবীর সংখ্যা। যে ছেলেকে সঙ্গে রাখেন সবসময়, তাঁর মায়ের নাম আবার কেউ জানে না!

সবুজ গালিচাতেও দু’জনের খেলার ধরন আলাদা। মেসির মধ্যে সূক্ষ্ম ড্রিবল, স্কিলের ছোট ছোট ঝলক। খেলা তৈরি করেন, গোল করেন, করানও। মেসি মানেই স্বপ্নের স্নিগ্ধ আমেজ। ফুটবল রোম্যান্সে ভরপুর।

রোনাল্ডো মানেই শক্তি। ভরপুর পুরুষকার। বলের ওপর দিয়ে পা ঘোরানো অবশ্য একেবারেই তাঁর নিজস্ব। অনেকটা ক্রুয়েফ’স টার্নের মতোই। ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যান নিঃশব্দে। কাজের কাজটাও করে ফেলেন।

রোনাল্ডোর হ্যাটট্রিকের তাত্পর্য তাই স্পেন ম্যাচেই শেষ হচ্ছে না। আর কিছু ক্ষণের মধ্যেই মাঠে নামছেন মেসি। স্রেফ আইসল্যান্ডই তাঁর প্রতিপক্ষ থাকছে না, নিশ্চিত থাকুন!

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।