বিশেষ প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগেকরা তিন মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিনের এই আদেশ দেন।এর আগে আজ আদালতে পার্থ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদনকরেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় পুলিশের কর্তব্যকাজে বাধাদান, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলা তিনটি দায়ের করা হয়।
পরবর্তী সময়ে পল্টন থানার পুলিশ পার্থর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেই অভিযোগপত্রগুলো গ্রহণ করে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলে পার্থ হাজির হয়ে জামিনের আবেদন করেন।





