মোঃ ফরহাদ শেখঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি এলাকায় আজ রবিবার সকালে ট্রাক ও বিআরটিসি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এই ঘটনায় প্রায় ২ঘন্টার বেশী মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহন(ঢাকা মেট্রো-ব-১১-৬৭৫২) সাধুরব্রীজ ও কামালদি ব্রীজের মাঝে ভারত নামকস্থানে অপর দিক থেকে আসা দ্রুতগামী মালবাহী ট্রাকের(ঢাকা মেট্রো ট-১৮-৪৭৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বগুড়ার সারিয়াকান্দি এলাকার স্বপন কুমার ঘোষের ছেলে শুভ কুমার ঘোষ(২০) এবং অজ্ঞাত ১ জন ঘটনাস্থলেই মারা যায়।
বরিশাল সদরের জাকিরকে(৪৫) রাজৈর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। এই ঘটনায় উত্তমকুমার দে , বাবু, লাকী বেগম, মেহেদী হাসান, বাদল মিয়া, সিরাজউদ্দিন, আলী সরদার, মাসুদ মিয়া, রাজা মিয়া, হরেকৃষ্ণ পাল ,আকতারুজ্জামান, সুমাইয়া, মাসুদুল হক, তন্নী বেগম, সরজিত বিশ্বাস, ইরা বেগম, ইরাবতী অধিকারী, পলি বেগম, নাজমুল হাসান, জাহানারা, বিউটিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে । আহতদের রাজৈর, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার পর থেকে প্রায় ২ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল । পুলিশ গাড়ী দুটিকে সড়ক থেকে সরানোর পর গাড়ী চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আক্তার হোসেন জানান, সড়ক দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল এসে দুইজনের মৃতদেহ বের করি এবং আসংকাজনক অবস্থায় অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূঘর্টনার পর সড়কে যান চলাচল বন্ধ ছিল । আমরা ভাঙ্গা হাইওয়ে পুলিশের সহায়তায় দূর্ঘটনা কবলিত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করি। বাসটি ভাঙ্গা হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

