বিশেষ প্রতিবেদকঃ আজ ঢাকায় শুরু হচ্ছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম অধিবেশন । দুই দিনের এই সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অধিবেশন উদ্বোধন করবেন। ৫৭টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬শ’প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এতে অংশগ্রহণ করবেন।এবার ওআইসি’র অসদস্য কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী এক বছরের জন্য ওআইসি কাউন্সিল অব মিনিস্টার্স (সিএফএম)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। এ নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বের সঙ্গে এক যোগে কাজ করতে চায়। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করতে আমরা আলোচনা করবো এবং এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও ওআইসি সদস্য দেশগুলোর প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাবো।
অন্যান্য এজেন্ডার মধ্যে সন্ত্রাসবাদ মোকাবিলা, জাতিসংঘ বা অন্য আন্তর্জাতিক ফোরামে সদস্যদের ভোট প্রদানের বিষয়ে সমন্বয়, নিরস্ত্রীকরণ, ইসলামোফোবিয়া, জাতিসংঘের সংস্কার ও নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি, স্বাধীন মানবাধিকার কমিশন গঠন, পুলিশের মধ্যে সহযোগিতা ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য।
প্রতিবারের মতো এবারো সম্মেলনে প্যালেস্টাইন ইস্যুটি নিয়ে সদস্যরা আলোচনা করবেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুটি বড় আকারে আলোচনা করা হবে এবং একটি রেজ্যুলেশন গ্রহণের বিষয়ে সদস্যরা একমত হয়েছেন।আশা করা হচ্ছে, রবিবার অনুষ্ঠান শেষে আলোচ্য বিষয় সংক্রান্ত সব রেজ্যুলেশন, ঢাকা ঘোষণাপত্র এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোর আউটকাম ডকুমেন্ট হিসেবে গৃহীত হবে।
গণতান্ত্রিক সরকারের আমলে বাংলাদেশে এই প্রথমবারের মতো ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৮৩ সালে ১৪তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।



