মেহের আমজাদ, মেহেরপুরঃ জাতীয় স্কুল ক্রিকেটে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় তারা ১৪৩ রানের বিশাল ব্যবধানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। নির্ধারিত ৪৫ ওভারের খেলায় ৪১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলামিন সর্বচ্চ ৪৪, আকাশ ৩৫ ও ওমর ফারুক ২৯ রান করেন। আমঝুপির পক্ষে হৃদয় ৬ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৬ উইকেট লাভ করেন।
১৯২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সহদেব সর্বচ্চ ১৩ রান করেন বিজয়ী দলের ওমর ফারুক ৭ ওভার বল করে ১৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।



