আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের সেবা নিশ্চিত করলে ভবিষ্যতে ভোট নিয়ে কোনো চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখবে। তাই জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবেন। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দুই সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে থমে ইউনিয়ন পর্যায়ে দশ শয্যার হাসপাতাল তৈরি করার ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু তিনি সেই কাজ সম্পন্ন করতে পারেননি। আমরা সরকারে আসার পর কমিউনিটি ক্লিনিক করে দিই। জনপ্রতিনিধিদের এসব দিকে নজর রাখতে হবে যেন স্বাস্থ্য কেন্দ্রগুলো সঠিকভাবে চলে। মানুষ যেন যথাযথ চিকিৎসা সেবা পায়।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু) শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





