৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে চীনে। গত বছরের তুলনায় সংখ্যাটা ৮ লাখ ৫০ হাজার কম। চীনে বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি ১৮ লাখ। তবে অনেক আগে থেকেই চীনে জন্মহার কমছে। বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন, এজন্য অর্থনৈতিকভাবে বিরাট সুবিধা পায় তারা। অর্থনৈতিক বিশ্লেষকদের অভিমত, এটা হয়তো স্বল্প মেয়াদে চীনের জন্য কোনো সমস্যা ডেকে আনবে না। তবে জনসংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকলে ২০৩০ সালের পর ধাক্কা খাবে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি। বিপদটা আঁচ করতে পেরে জনসংখ্যা কমে যাওয়া ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চীন সরকার। সাত বছর আগে ‘এক সন্তান নীতি’ থেকে সরে এসেছে তারা। তবে জনসংখ্যাবিদ ও অর্থনীতিবিদেরা বলছেন, জটিল এ সমস্যার সহজ কোনো সমাধান আপাতত চীনের সামনে নেই। কারণ হিসেবে তারা বলছেন, কয়েক বছর ধরে দেশটিতে বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধির একটি প্রবণতা দেখা যাচ্ছে।
চীনে বৃদ্ধ মানুষের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এটা এমন সময়ে ঘটছে, যখন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ হওয়ার পথে হাঁটছে বেইজিং। ফলে বলা হচ্ছে, ধনী হওয়ার আগেই বুড়িয়ে যাচ্ছে চীন। তবে কর্মক্ষম মানুষ কমে যাওয়াটা চীনকে শিগগিরই সংকটে ফেলবে না বলে মনে করেন যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান ফ্যাথম ফিন্যান্সিয়াল কনসালটিংয়ের উপপ্রধান অর্থনীতিবিদ অ্যান্ড্রু হ্যারিস। তার মতে, চীনের গ্রামীণ এলাকায় সস্তা শ্রমের অভাব নেই। এসব শ্রমিক দিয়ে শহর এলাকার ঘাটতি পূরণ করা যেতে পারে। আর দেশটির উৎপাদন ও নির্মাণ খাতে শ্রম দেওয়ার মতো অনেক কর্মক্ষম মানুষ রয়েছেন। তাঁরা যত দিন বুড়িয়ে না যাচ্ছেন, তত দিন চীনের প্রবৃদ্ধির ওপর বড় ধরনের কোনো আঘাত আসবে না। এছাড়া কর্মক্ষম মানুষের ঘাটতি পূরণে চীন রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। তবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার আদৌ কোনো কাজে এসেছে কি না, তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন অর্থনীতিবিদ অ্যান্ড্রু হ্যারিস। তিনি বলেন, কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধিতে চীনের সামনে আরেকটি পথ খোলা আছে। সেটি হলো, বিদেশিদের অভিবাসনের সুবিধা দেওয়া। তবে ঐতিহাসিকভাবেই এই পদ্ধতির বিরোধী চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।
২০১২ সাল থেকে চীনের কর্মক্ষম অর্থাৎ ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে নির্ভরশীল মানুষের অনুপাত। চীনের সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১০ সালে চীনে নির্ভরশীল মানুষের হার ছিল ৩৭ দশমিক ১২ আর ২০২০ সালে তা বেড়ে ৪৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে। আর জাতিসংঘের তথ্য বলছে, চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা চলতি শতকে ৬০ শতাংশের বেশি কমবে।
দীর্ঘদিন ধরেই চীনকে ‘বিশ্বের কারখানা’ বলা হয়ে থাকে। শ্রম তুলনামূলক সস্তা হওয়ার কারণে বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদনে চীনের শ্রমবাজার ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে, চীনের শ্রমবাজার থেকে সরে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। চীনের জায়গাটা দখল করে নিচ্ছে এশিয়ার অন্যান্য দেশ ও লাতিন আমেরিকা।
বিষয়টি নিয়ে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিস—মেডেসনের গবেষক ই ফুজিয়ান। চীনের এক সন্তান নীতির সমালোচনায় দীর্ঘদিন মুখর ছিলেন তিনি। ফুজিয়ান বলেন, “চীনে দিন দিন ছোট হয়ে আসা শ্রমবাজার এবং উৎপাদন খাতে মন্দার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে দ্রব্যমূল্য বাড়বে এবং উচ্চ মূল্যস্ফীতি দেখা দেবে।”

