চট্টগ্রামে RAB-7 এর সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ, নিহত ১

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী ফারুক নিহত। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে দুই লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ খবর নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে একটি মাদ্রাসার সামনের রাস্তায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

মিমতানুর রহমান বলেন, মাদক বিক্রেতাদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করে। তখন আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গোলাগুলি থামলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিহতের মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে র‌্যাব জানতে পারে, তার নাম মোহাম্মদ হোসেন, বয়স ৪২। বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং পড়ে থাকা একটি ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায় ।

এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।