রফিকুল ইসলাম সাগর, লাখাই থেকেঃ হবিগঞ্জের লাখাইয়ের রূহিতনশী গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গ্রামটি এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।
রবিবার (৯ জুন) দুপুরে সরজমিন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার রূহিতনশী গ্রামে এ সংঘর্ষ চলে। সংঘর্ষে জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অন্তত ৪৫ জন। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও ৮ জনকে বামৈ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত জহিরুল ইসলাম ওই গ্রামের ছমেদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার রূহিতনশী গ্রামের আমিনুল হকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের শরীফ তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শরীফ তালুকদারের পক্ষের জহিরুল ইসলাম নিহত হন।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে পুলিশ যাকে পাচ্ছে তাকেই গ্রেফতার করছে। গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে গোটা লাখাইয়ের পুরুষেরা। যে কারনে লাখাই এখন পুরুষ শূন্য।
সরেজমিন পরির্দশকালে দেখা গেছে গ্রামের চারিদিকে নিরব নিস্তব্ধতা। নেই অন্যান্য দিনের মতো মানুষের কোলাহল। সংঘর্ষের পর থেকে গ্রামের বাসিন্দারা আতংকে বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতারের ভয়ে দিনের বেলায় হাতেগোনা কয়েকজন পুরুষকে দেখা গেছে। তবে রাতে সে সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসতে পারে বলে গ্রামের কয়েকজন জানিয়েছেন। বর্তমানে গ্রামের বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছেন। তাদের চোখে-মুখেও রয়েছে আতংকের ছাপ। এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আহমেদ জানান, ‘সংঘর্ষের ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে। এরই মধ্যে ৪০ জনকে আটক করা হয়েছে।’





