ঈশ্বরদী পাবনা থেকে মোঃ লালন মিয়াঃ কৃষিক্ষেত্রের উন্নয়ন, কৃষকদের ভাগ্যোন্নয়ন, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুনজর রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের গৃহহীন কৃষকদের পুনর্বাসন এবং স্বাবলম্বি করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। বলেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।
আজ ঈশ্বরদী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পাঁচদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ উদ্বোধন দিনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বৃক্ষরোপণ, বৃক্ষ পরিচর্যা ও সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কৃষি কাজে বিশেষ গবেষণা এবং অধিক ফসল ফলানোর জন্য এদেশে উচ্চ শিক্ষার প্রয়োজনে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে লিপ্ত ছিলেন বঙ্গবন্ধু। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক বলয়ের আওতায় মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের অনুদান দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছেন। দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ। তিনি দুঃখী, দরিদ্র অসহায় মানুষের অভাব দুর করে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্য জীবন ও দীর্ঘজীবী হওয়ার প্রত্যাশা কামনা করে আল্লাহর কাছে সকলের পক্ষ থেকে দোয়া চান। পরে মন্ত্রী সফল কৃষকদের মাঝে বৃক্ষের চারা ও সম্মাননা স্মারক বিতরণ করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী আঞ্চলিক শাখার পরিচালক মোহাম্মদ হোসাইন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার আঃ লতিফ, ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের সভাপতি ফজলুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক এম.এ. বাতেন উপস্থিত ছিলেন।




