যশোর অফিসঃ বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে রাজপথ ও রেলপথ অবরোধ করে খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে ৭২ ঘণ্টার ধর্মঘট চলছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট শুরু হয়। সকাল ৮টা থেকে সড়কপথ ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা।
খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়, আটরা শিল্পাঞ্চলে আলিম জুট মিলের সামনের রোড এবং যশোরের রাজঘাট এলাকার সড়কপথ-রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ার জ্বালিয়ে সড়ক ও রেলপথে প্রতিবন্ধকতা তৈরি করেন। খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মানিক সরকার বলেন, রেলপথ অবরোধ থাকার কারণে আজ সকালে খুলনা থেকে ঢাকামুখী চিত্রা ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি।
শ্রমিক নেতারা ৭ এপ্রিলের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন। শ্রমিকরা জানান, তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ-গ্রাচ্যুইটি ও মৃতশ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা প্রভৃতি।





