খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার সকাল ১১টায় নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভে স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ-সভাপতি সদর উপ-জেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল ও স্বেচ্ছা সেবক দল সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবসহ অন্যরা।

বক্তারা বেগম জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করে বলেন, বেগম জিয়া ছাড়া এদেশে জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না। এখন দেশে যেভাবে নির্বাচন করছে সরকার তাতে দেশের মানুষ আগামীতে আর ভোট দিতে যাবে না। কারণ ভোট তো এখন আর দিতে হয় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ সত্ত্বেও তাকে চিকিৎসার ব্যবস্থা না করে সরকার তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে। খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে রাজপথেই এ অবৈধ সরকারের সব অপকর্মের ফয়সালা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।