ভারত অল্প কয়েকদিন স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন ক্ষণজন্মা হেমচন্দ্রের বদৌলতে

ভারত অল্প কয়েকদিন স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন ক্ষণজন্মা হেমচন্দ্রের বদৌলতে
দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়, দ্বাদশ শতকের শেষ দশকে। সাড়ে তিনশো বছরের পরাধীনতার পর, ভারতভূমি মাত্র অল্প কয়েকদিনের জন্য স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পেরেছিল ― পণ্ডিত হেমচন্দ্র বিক্রম আদিত্য নামক একজন ক্ষণজন্মা ব‍্যক্তিত্বের বদৌলতে। অতি সাধারণ অবস্থা থেকে তিনি স্বীয় প্রতিভা ও যোগ‍্যতা বলে,’ভারত সম্রাট’ – এ পরিনত হয়েছিলেন।
দুর্ভোগের বিষয় হচ্ছে, কিছু অশুভ চক্র, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে, হেমচন্দ্র বিক্রমাদিত্যের বীরত্ব ও অবদানকে নতুন প্রজন্মের সামনে প্রাতিষ্ঠানিক ভাবে উপস্থাপন করতে, বাধা সৃষ্টি করে। তাঁকে অবদমিত করে রাখতে, তাঁর নামটি পর্যন্ত সংক্ষিপ্ত করে ‘হেমু’ নামে সম্বোধিত করা হয়।
হেমচন্দ্র বিক্রমাদিত্য ১৫০১ খ্রীষ্টাব্দে একটি দরিদ্র পূজারী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। আদিবাস রাজস্থান অঞ্চলে। দখলদার উজবেকদের অত‍্যাচারে হেমচন্দ্রের পিতা বাস্তুচ্যুত হয়ে হরিয়ানায় চলে এসে কূলপেশা পুরোহিতগিরি ছেড়ে মুদি মালের কারবার শুরু করেন।
হেমচন্দ্রের পিতা বৈষ্ণব ঘরানার হলেও তাঁরা ছিলেন ভার্গব গোত্রের ব্রাহ্মণ। অজেয় যোদ্ধা ঋষি পরশুরামের বংশধর হিসেবে ভার্গব গোত্রের ব্রাহ্মণরা শাস্ত্র শিক্ষার পাশাপাশি অস্ত্র বিদ‍্যাও শিখতেন। তুখোড় মেধাবী হেমচন্দ্র ধর্মশাস্ত্র ও গনিতশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। উৎকৃষ্ট শারীরিক সামর্থের অধিকারী হেমচন্দ্র অস্ত্রবিদ‍্যা ও অশ্বচালনায় বিশেষ পারদর্শিতা প্রদর্শন করতে সমর্থ হয়েছিলেন।
হেমচন্দ্র অতি অল্প বয়সে পাঠান সেনাবাহিনীতে খাদ্য সরবরাহ করে,কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ধাতব অস্ত্র ও বারুদ সরবরাহ করতে আরম্ভ করেন। তৎকালীন সময়ের সর্বাধুনিক ধাতব অস্ত্র ও বিস্ফোরক নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তিনি পিতলের কামান নির্মাণ করে – পাঠান সেনাবাহিনীতে বিশেষ মর্যাদায় স্থান পান।
পাঠান বাদশা শের শাহ সুরি, হেমচন্দ্রের যোগ্যতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করতে পেরেছিলেন।  বাদশা শের শাহ,হেমচন্দ্রকে বাজার মহাব‍্যবস্থাপকের দায়িত্ব প্রদান করেন। কর্তব‍্যনিষ্ঠা ও যোগ্যতা প্রমাণের মাধ্যমে,হেমচন্দ্র পাঠান বাদশার আস্থা অর্জন করে,একে একে কোষাধ্যক্ষ গোয়েন্দা প্রধান ও সেনাপতি পদে নিযুক্তি লাভ করেন।
হেমচন্দ্র বিক্রমাদিত্য জীবনে টানা ২২টি যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। পাঠান সাম্রাজ্যের পতনের পর, তিনি সনাতন বিধি অনুযায়ী ‘বেদ’ – মন্ত্র উচ্চারণ করে ‘চক্রবর্তী সম্রাট’ হিসেবে শপথ গ্রহণ করেন। সাড়ে তিনশো বছরের লাগাতার পরাধীনতার পর, একজন ভূমিপুত্রের ‘বেদ’ – মন্ত্র উচ্চারণ করে ‘স্বাধীনতা ঘোষণা’ করায়―বিদেশি দখলদার ও তাদের বংশধরদের হৃদয়ে, প্রচণ্ড প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। যায় সুযোগ গ্রহণ করেন, বুদ্ধিমান উজবেক জেনারেল বৈরাম খাঁ।
বিষয় রৈরাগ‍্যবাদের ব‍্যাপক প্রচারে বিভ্রান্ত হিন্দুরা ঐ সময় একেবারেই যুদ্ধ ও রাজনীতি বিমুখ ছিল। যে কারণে সম্রাট হেমচন্দ্রের বিশাল সেনাবাহিনীর অধিকাংশ সদস্য ছিল পাঠান ও তুর্কি বংশোদ্ভূত অহিন্দু। বৈরাম খাঁ তার সুদক্ষ গুপ্তচরদের দিয়ে সম্রাট হেমচন্দ্রের সেনাবাহিনীতে সাম্প্রদায়িক বিভাজন ঘটাতে সমর্থ হয়েছিলেন এবং তুলনামূলক অল্প সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বাহিনীর স্বধর্মালম্বী বিশ্বাসঘাতকদের সহায়তায় আত্মবিশ্বাসী হয়ে উঠে পানিপথ ময়দানে সম্মুখ সমরের প্রস্তুতি গ্রহণ করলেন।
যুদ্ধ শুরুর প্রাক্কালে সম্রাট হেমচন্দ্রের বিশাল তোপখানা ধ্বংস হয়ে যায় তাঁর সেনাবাহিনীর অহিন্দু জেনারেলদের বিশ্বাসঘাতকতায়। তবুও বৈরাম খাঁ সম্রাট হেমচন্দ্রের মুখোমুখি হতে সাহস পান নি। তিনি নাবালক আকবর বাদশাকে নিয়ে, যুদ্ধক্ষেত্র থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন। বৈরাম খাঁ ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি পরিকল্পনা করে রেখেছিলেন যে প্রতিপক্ষ বাহিনীর স্বধর্মালম্বী সেনানায়করা যদি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে তাহলে তিনি আকবর বাদশাকে নিয়ে কাবুলে ভেগে যাবেন।
বিদেশি আক্রমণের মুখে ভারতীয় নৃপতিদের রণকৌশলগত সবচেয়ে বড় ভুল ছিল তাঁরা রণক্ষেত্রের অগ্রভাগে অবস্থান করে সেনাবাহিনীর নেতৃত্ব দিতেন। পক্ষান্তরে বিদেশি দখলদারদের সেনাপতিরা অবস্থান করতেন পশ্চাৎভাগে এবং তারা প্রধান টার্গেট করতো―প্রতিপক্ষের অগ্রে অবস্থানকারী রাজাকে। রাজার পতন ঘটা মাত্র তাদের বিশাল সেনাবাহিনী নেতৃত্বহীন হয়ে ছত্রভঙ্গ হয়ে যেত।
১৫৫৬ খ্রীষ্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধে,স্বপক্ষের অধিকাংশ অহিন্দু সৈন্য নিস্ক্রিয় থাকা সত্ত্বেও, সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য হস্তী পৃষ্ঠে আরোহণ করে সেনাবাহিনীর অগ্রভাগে অবস্থান নিয়ে, দখলদার উজবেকদের পরাজিত করার পর যখন আনন্দ-উল্লাস করছিলেন  তখন হঠাৎ একটি তীর এসে সম্রাট হেমচন্দ্রের চোখে বিদ্ধ হয়।
প্রখ্যাত ইতিহাসবিদ শায়খ আবু আল ফজল ইবনে মোবারক (১৫৫১-১৬০২),তার বিখ্যাত ‘আকবরনামা’ গ্রন্থে লিখেছেন, ‘ঐ তীরটি মুঘলদের (উজবেক) তীর ছিল না তীরটি ছিল খোদার তরফ থেকে প্রেরিত।’
ঐ উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পণ্ডিত জওহর লাল নেহেরু তাঁর বিখ্যাত ‘The Discovery of India’ গ্রন্থে আকবরনামার ঐ উক্তিটি উদ্ধৃত করেছেন।
মুঘলরা ঐ তীরটি নিক্ষেপ করে নি একথা সত্য। তাহলে তীরটি কে নিক্ষেপ করেছিল ? অনেক ইতিহাসবিদের অনুমান হেমচন্দ্রের সেনাবাহিনীতে অবস্থানকারী অহিন্দু সৈন্যদের মধ্য থেকে কেউ তাদের স্বজাতিকে বিজয়ী করার জন্য,তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে তীরটি বিধর্মী সম্রাটের চোখে নিক্ষেপ করেছিল।
আহত সম্রাট হেমচন্দ্রকে হাতির পিঠ থেকে পড়ে যেতে দেখে, তাঁর অনুগত সৈন্যরা মনোবল হারিয়ে ফেলে। উজবেক ও বেইমানদের মিলিত আক্রমণে সম্রাট হেমচন্দ্রের অনুগত বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সম্রাটকে বন্দী করে নিয়ে যাওয়া হয়।
বৈরাম খাঁ নাবালক আকবর বাদশাকে বললেন, হেমচন্দ্রকে হত্যা করে ‘গাজী উপাধি'(যে কাফেরকে হত্যা করেছে) ধারণ করতে। আকবর বাদশা রাজী হলেন না। বৈরাম খাঁ নিজ হাতে সম্রাট হেমচন্দ্রকে হত্যা করলেন। পুনরায় অস্তমিত হলো ভারতের স্বাধীনতার সূর্য।
এর পরের ইতিহাস ― ভারতের ভূমিপুত্র নেতাদের দালালি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস। ঐ প্রভাবশালী নেতারা, যুগে যুগে স্বাধীনতা সংগ্রামীদের পিঠে ছুরিকাঘাত করেছে উদারতা- সহিষ্ণুতা-ধর্মনিরপেক্ষতা-আত্মবলিদানের মধুরবাণীর বাক‍্যজাল বিস্তার করে। তাইবলে স্বাধীনতা সংগ্রাম থেমে থাকে নি। সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্যের পদাঙ্ক অনুসরণ করে, জাতিকে পরাধীনতা-শৃঙ্খল মুক্ত করতে একে একে রণভূমিতে অবতীর্ণ হয়ে নেতৃত্ব দিয়েছেন ― মহারানা প্রতাপ সিংহ, ছত্রপতি শিবাজী, মহারানী তারাবাই, বাজীরাও বল্লাল, মহারাজা রনজিৎ সিং,মহারানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে, নেতাজী সুভাষচন্দ্র বোস প্রমুখ। কিন্তু স্বাধীনতার সূর্য সন্তানদের আড়াল করে রাখতে চাইছে, দালাল চক্রের কালোমেঘের অন্ধকার। এই দালালচক্র কূটকৌশলে জাতিকে পুনরায় পরাধীনতার অতল গহ্বরে নিপাতিত করার গভীর চক্রান্তে লিপ্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।