কৃষিমন্ত্রীর সাথে কসোভো রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত Guner Ureya আজ  কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে  সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দু’দেশের কৃষি, প্রাণিসম্পদ এবং ডেইরি  নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় কসোভোর রাষ্ট্রদূত কৃষির উপর পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে শীতকালীন শাক-সবজি আমদানির আগ্রহ ব্যক্ত করেন। এছাড়াও তিনি যুদ্ধের সময় কসোভোর ধ্বংসপ্রাপ্ত পোল্ট্রি এবং ডেইরি শিল্পের উন্নয়নে বাংলাদেশের  সহযোগিতা কামনা করেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে এক সময় কৃষি খাত কম উৎপাদনশীল ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। বাংলাদেশের এসব অভিজ্ঞতাকে কসোভো কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে দু’দেশের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে কিছু দেশ থেকে খাদ্য পণ্য আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশে খাদ্যে কোনো ঘাটতি হবে না। বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে ভোজ্য তেল যার সিংহভাগ আসে মালয়েশিয়া থেকে। এক্ষেত্রে করোনা ভাইরাসের প্রভাব পড়ার সম্ভাবনা কম।

মন্ত্রী জানান, সফল কৃষক ও ভাল উৎপাদনকারীকে সিআইপি (CIP) এর মতো এআইপি (AIP) পুরস্কার প্রদানের প্রস্তাব কেবিনেটে অনুমোদিত হয়েছে। এআইপি (AIP) অ্যাওয়ার্ডপ্রাপ্তগণ সিআইপির মতো সুযোগ-সুবিধা পাবেন। অ্যাওয়ার্ডের জন্য খুব শীঘ্রই সফল কৃষক ও ভালো উৎপাদনকারীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।