কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করা কঠিন হয়ে পড়েছে। কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না। করোনার এই সংকটকালে বর্তমানে কৃষি বিপণনই কৃষিখাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ সারাদেশে বোরো ধান কাটার অগ্রগতি ও কৃষিখাতে সার্বিক বিষয়ে অনলাইন প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী একথা বলেন।
তবে, দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত পণ্য বাজারজাতের জন্য আড়তদার, পাইকারি ক্রেতা পর্যায়ে অলোচনা করা হবে। অনলাইনে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী জানান, এবার বোরো ধানের উৎপাদন হয়েছে ধারণার চেয়েও বেশী।
ইতোমধ্যে দেশের হাওর অঞ্চলে ৯০ ভাগ ধান কাটা হয়েছে। এছাড়া, সারাদেশে ২৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। কৃষিখাতে মাত্র ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।




