দিপক রায়, রংপুর প্রতিনিধি : জনপ্রতিনিধিদের কোন জাত হয় না, ধর্ম হয় না। জনপ্রতিনিধিরা সবার। এই জন্য কেউ বলে না মুসলমান বা হিন্দু মন্ত্রী, মুসলমান বা হিন্দু এমপি কিংবা মুসলমান বা হিন্দু চেয়ারম্যান।
আমি আশা রাখবো, কুমারেশ রায় চেয়ারম্যান হিসেবে সবাইকে সমান চোখে দেখবেন। কে কোন ধর্মের, কে তাকে ভোট দিয়েছে কে দেয়নি সেসব দেখবেন না। কুমারেশ রায় জাসদ থেকে মনোনীত প্রার্থী হয়ে মশাল প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। মশাল আমার আপনাদের সবার। মশালের আলো ছাড়া নৌকা চলতে পারবে না। নদী পার হতে গেলে যেমন নৌকা প্রয়োজন, নৌকা চালাতে গেলে যোগ্য মাঝি প্রয়োজন সেই সাথে মশালোর আলোরও প্রয়োজন। বাংলাদেশের জনগণ দূর্নীতিমুক্ত দেশ চায়। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে।
এই ধরনের ভালো নির্বাচন বাংলাদেশের সাধারণ জনগণ সব সময় চায়। কারণ ভোট প্রদান করে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার জনগণের রয়েছে। এই তারাগঞ্জ এলাকাকে দূর্নীতিমুক্ত করতে কুমারেশ রায়ের বিকল্প নেই। তাই এই ইউনিয়নের মানুষ কুমারেশকে বিপুল ভোটে নির্বাচিত করেছে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছে। শুধু এই ইউনিয়ন নয়, এই তারাগঞ্জ-বদরগঞ্জের মানুষ কুমারেশ রায়কে এমপি হিসেবে দেখতে চায়। আর এই এলাকার মানুষ আমার চেয়েও ভালো করেই জানে, এই এলাকাকে দূর্নীতিমুক্ত করতে হলে কুমারেশের বিকল্প নেই। আমরা আশা রাখবো আগামীর সকল নির্বাচনই এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতোই সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালো নির্বাচন হবে। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ও চতুর্থবার নির্বাচিত চেয়ারম্যান কুমারেশ রায়ের গণ সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাংগীরহাট ব্যবসায়ী সমিতির আয়োজনে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট স্কুল ও কলেজ মাঠে মঙ্গলবার এ গণসংবর্ধণা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি এ্যাড. রবিউল আলম। আয়োজক কমিটি নেতা আলহাজ¦ নূর হোসেন সরকারের সভাপতিত্বে ও জাসদের রংপুর জেলা নেতা মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার জাসদের সহ-সভাপতি নিমাই রায়, সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, হরলাল রায় প্রমুখ।




