স্বাস্থ্য ডেস্ক: অর্থনৈতিক দুরবস্থা, সংসারে অশান্তি, সম্পর্কের টানাপড়েন—এসব কারণে মানসিক চাপ তৈরি হওয়ার কারণের তো অভাব নেই। মানসিক চাপ থেকে মাথাব্যথা, পেশিব্যথা, বুকব্যথা, অবসন্নতা, প্রস্রাবে সমস্যা, ঘুমের অসুবিধা হয়।
এ ছাড়া মানসিক চাপ বাড়লে উচ্চ রক্তচাপ, ওজনাধিক্য, হৃদরোগের সমস্যা, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি সমস্যা তৈরি করতে পারে। তাই চাপের মধ্যেও মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি।
স্বাস্থ্যকর খাবার খাওয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ধ্যান ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া মানসিক চাপ কমাতে কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও ভালো ফল দেয়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমিডি জানিয়েছে মানসিক চাপ কমানোর কয়েকটি পদ্ধতির কথা।
ধীর ও গভীর শ্বাস
ধীর ও গভীরভাবে শ্বাস নেওয়া চাপযুক্ত সময়ে খুব কার্যকর। গভীরভাবে শ্বাস নিলে শরীরে অনেক অক্সিজেন প্রবেশ করে। এটি শরীর ও মনে ভালো প্রভাব ফেলে। এমনকি প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ প্রতিরোধেও সাহায্য করে। এটি চিন্তাশক্তিকে পরিষ্কার করে।
ম্যাসাজ
এ ছাড়া ম্যাসাজেও কিন্তু মানসিক চাপ অনেকটা কমাতে সাহায্য করে। পা, হাত, পিঠ, মাথায় হালকা গরম তেলের ম্যাসাজ শরীরের বিভিন্ন পেশিকে শিথিল করবে, রক্ত চলাচল বাড়াবে।