কাঁচাবাজারগুলো হঠাৎ করেই উত্তপ্ত, শংকায় নিম্ন আয়ের মানুষ

কাঁচাবাজারগুলো হঠাৎ করেই উত্তপ্ত, শংকায় নিম্ন আয়ের মানুষ

বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকায় কয়েকদিন আগেও স্বস্তি ছিল সাধারণ ক্রেতাদের মাঝে। রাজধানীর কাঁচাবাজারগুলো হঠাৎ করেই উত্তপ্ত হয়ে পড়েছে। সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় খাবারের আলু, ডিম, পেঁয়াজ এবং মুরগিসহ অনেক সবজিরই দাম বৃদ্ধি পেয়েছে। তবে এভাবে দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলো শঙ্কায়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামবাজার, যাত্রাবাড়ী, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুর-১ ও শুক্রাবাদ বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ত্রিশ টাকা কেজির দেশি পেঁয়াজ ১০ টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বিক্রেতারা জানিয়েছে পাইকারিতে দাম বেড়েছে বলেই খুচরা বাজারে দাম বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হওয়া শিম এখন ৪০-৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। টমেটো ৩০ টাকা থেকে হয়েছে ৪০ টাকা কেজি। মুলা ২০ টাকা থেকে হয়েছে ২৫-৩০ টাকা কেজি, বেগুন ৩০ থেকে ১০ টাকা দাম বেড়ে হয়েছে ৪০ টাকা।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, রাজধানীতে সচরাচর পাওয়া দেশি পেঁয়াজ ফরিদপুর থেকে আসছে। হঠাৎ করেই এই অঞ্চলের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বাড়তি দামে আমাদের কিনতে হচ্ছে বলে আমরাও বাড়তি দামে বিক্রি করছি। গত সপ্তাহে দাম কম ছিল। তখন মনে হয়েছিল আগামী ক’দিন পর হয়তো দাম আরও কমবে কিন্তু দাম না কমে বরং বেড়েছে। গত সপ্তাহে ১২৫ টাকা পাল্লা পেঁয়াজ বিক্রি করেছি অথচ এই সপ্তাহে দাম বৃদ্ধি পাওয়ার জন্য ১৭৫ টাকা পাল্লা বিক্রি করতে হচ্ছে।

যাত্রাবাড়ীতে বাজার করতে আসা লিটন জানান, হঠাৎ করেই দেখি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেশি। তিন চারদিন আগেও ৩০ টাকা করে পেঁয়াজ নিয়েছি। তিনি আরও বলেন, মাঝারি ধরনের লাউ ৫০ থেকে ৬০ টাকা করে দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। অথচ কয়েকদিন আগেই এই লাউ ৩০ থকে ৪০ টাকা করে নিয়েছি। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ বুঝতে পারছি না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।