মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) শেষ হতে দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
শুক্রবার (২১ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব বলেছেন, ১৯১৮ সালে বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লু কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় লেগেছিল। আমি আশা করছি, করোনা মহামারি শেষ হতেও দুই বছর লাগতে পারে। এর মধ্যেই কমবে করোনা সংক্রমণ। প্রযুক্তির এ যুগে খুব অল্পসময়ে ভাইরাসটি ঠেকানো সম্ভব হতে পারে। তবে ভাইরাসটি আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানান তিনি।
তেদ্রোস আধানম গেব্রিয়েসাস আরও বলেন, বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লুতে ১৯১৮ সালে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন। যা ছিল ওই সময় বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। মারা গিয়েছিলো প্রায় ৫ কোটি মানুষ। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেরই ৬ লাখ ৭৫ হাজার মানুষ।
অন্যদিকে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৩ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ দশমিক ৭ মিলিয়ন মানুষ।
বাংলাদেশে ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত শুরু হয়ে গতকাল ২১ আগস্ট পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনে। এ ভাইরাসের সংক্রমনে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬১ জনের।

