করোনা ভাইরাস প্রতিরোধক প্রথম ডোজ টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধক প্রথম ডোজ টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধক প্রথম ডোজ টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে গণভবনে টিকা নেন তিনি। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি  নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, টিকা নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে শুরু হয় টিকা প্রদান। এর পর ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে গণ টিকাদান শুরু করা হয়।

গণভবন থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মনে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি।’ পরক্ষণেই তিনি বলেন, ‘আগে আগে নিলে (সমালোচকরা) বলতো নিজেই নিলো, অন্য কাউকে দিলো না। সবাইকে দিয়ে নিই তারপরে আমি টিকা নেবো।’

গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে ১ হাজার পাঁচটি কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়। শুরুতে সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ৬০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন শেখ রেহানা।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।বৃহস্পতিবার (৪ মার্চ) পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন এবং নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। মূলত এর পর থেকেই গণভবনে অবস্থান করে ভার্চুয়ালি বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।