এখনো কোনো করোনা ভাইরাসের রোগী পাওয়া যায়নি -স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে এখনো কোনো করোনা ভাইরাসের রোগী পাওয়া যায়নি। করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চীন থেকে যাদের দেশে আনা হয়েছে তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার তাদের আশকোনা ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেলথ ক্যাম্পের উদ্বোধন করে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুরে যারা আক্রান্ত হয়েছেন তাদের বিষয়ে সরকার অবগত। সিঙ্গাপুরে যেসব প্রবাসী রয়েছে তাদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন,  সিঙ্গাপুর থেকে যারা দেশে আসছে তাদের বিষয়ে যেনো বেশি তদারকি করে সেই বিষয়ে বিমানবন্দরের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে করোনা ভাইরাসের কারণে চীনের উহান থেকে বাংলাদেশিদের ঢাকায় আনার পর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনার বিষয় নিশ্চিত হওয়া জন্য তাদের সেখানে রাখা হয়। তাদের কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

মরণঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০৫ জনে। চীনের বাইরে ফিলিপিন্স ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৩৮ জন। বিভিন্ন দেশ মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।