দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি – ইতালি ও স্পেনের পর, করোনাভাইরাস সংক্রমণের নতুন ভরকেন্দ্র হয়ে উঠতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
জেনেভায় হু-এর মুখপাত্র মার্গারেট হ্যারিস জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায়, ৮৫ শতাংশ নতুন আক্রান্তই ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তার মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে-ই আক্রান্তের হার ৪০ শতাংশ।
তাহলে কি করোনাভাইরাসের নতুন ভরকেন্দ্র হয়ে উঠতে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র? এই প্রশ্নের উত্তরে মার্গারেট হ্যারিস বলেন, এখন আমরা দেখতে পাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে সংক্রমণ বাড়ছে। তাই ভরকেন্দ্র হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহুর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮৬৭ জন। মৃত্যু হয়েছে ৭৮২ জন মানুষের। চিকিৎসায় আরোগ্য লাভ করেছে ৩৭৮ জন। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন প্রভৃতি প্রদেশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে, বিগত ২০ জানুয়ারি। তারপর থেকে অল্প অল্প করে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। গত ১৭ মার্চ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল মাত্র ১০০ জন। কিন্তু গত সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে, আক্রান্ত ও মৃতের সংখ্যা। এক সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা ১০০ থেকে প্রায় ৮০০ হয়ে যাওয়ায় কারণেই, হু-এর এই আশঙ্কা বলে মনে করছেন, বিশেষজ্ঞরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, একাধিক প্রদেশ লকডাউন করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাগরিকদের নিজ ঘরে থাকার আবেদন জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে ইউরোপ-কেই মূলত করোনা সংক্রমণের কেন্দ্র বলে মনে করছিল – বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার মধ্যে শীর্ষে ছিল ইটালি। অবশ্য হু-এর মতে, ইতালিতে মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও, নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। যার ফলে ইটালিতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। যদিও স্পেন সহ ইউরোপের কয়েকটি দেশের পরিস্থিতি এখনো যথেষ্ট উদ্বেগজনক।





